কুমিল্লার নাঙ্গলকোটে বন্ধুদের সঙ্গে সাঁতরে ডাকাতিয়া নদী পার হতে গিয়ে নিখোঁজ হওয়া মোহাম্মদ শিহাব (১৮) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল| নিখোঁজ হওয়ার প্রায় ১৮ ঘণ্টা পর শনিবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়|
শুক্রবার (৩০ মে) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে নাঙ্গলকোট উপজেলার নারান্দিয়া ব্রিজ সংলগ্ন ডাকাতিয়া নদীতে এ ঘটনা ঘটে| নিহত শিহাব উপজেলার মৌকারা ইউনিয়নের নারান্দিয়া গ্রামের জহিরুল হক শিপনের ছেলে| তিনি চট্টগ্রাম বিএন কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন|
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে শিহাব তার দুই বন্ধুকে নিয়ে তালের শাঁস খাওয়ার উদ্দেশ্যে পার্শ্ববর্তী ঝাকজুর গ্রামে যান| জুমার নামাজের সময় ঘনিয়ে আসায় দ্রুত বাড়ি ফিরতে তারা সাঁতরে নদী পার হওয়ার সিদ্ধান্ত নেন| তিন বন্ধু নদীতে নামলে দুজন নিরাপদে তীরে পৌঁছাতে সক্ষম হলেও শিহাব মাঝপথে পানিতে তলিয়ে যান|
নিখোঁজ শিহাবের মামা আসিফ আকবর জানান, ঘটনার পরপরই স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি|
চৌদ্দগ্রাম ফায়ার স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, শুক্রবার দুপুর ১টা ২৫ মিনিটে শিহাব নিখোঁজ হওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন| পরে চাঁদপুর থেকে ডুবুরি দল আনা হয়| ডুবুরি দলের নেতা মোহাম্মদ আলীর নেতৃত্বে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়েও শিহাবকে খুঁজে পাওয়া যায়নি| সন্ধ্যা হয়ে যাওয়ায় উদ্ধার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়|
তিনি আরও জানান, শনিবার ভোর সাড়ে ৫টায় পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হয়| একপর্যায়ে সকাল সাড়ে ৭টার দিকে নারান্দিয়া ব্রিজ সংলগ্ন ডাকাতিয়া নদী থেকে শিহাবের মরদেহ উদ্ধার করা হয়| পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে|
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার তৎপরতা চালায়| মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে| প্রাথমিকভাবে এতে কোনো অ¯^াভাবিকতার আলামত পাওয়া যায়নি| পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে|
এ ঘটনায় নারান্দিয়া গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে|